জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ফারজানা আফরোজের আনুষ্ঠানিকভাবে দলে যোগদানের তারিখ বা এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।
এদিকে, একই দিন এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান।
পদত্যাগের কারণ হিসেবে সামান্তা শারমিন দলের রাজনৈতিক অবস্থান, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সিদ্ধান্ত, অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতি এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও অধিকারকে যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে ধরেন।
বিবৃতিতে তিনি জানান, প্রায় এক বছর আগে জামায়াতে ইসলামীর সাথে জোট গঠনের প্রশ্নে নিজের ভিন্নমত জানিয়েছিলেন। তার মতে, জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্ত এনসিপির প্রতিষ্ঠাকালীন মূল্যবোধ ও সংস্কারের রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক।
এনসিপির অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন সামান্তা। তার অভিযোগ, কাউন্সিল না করে আহ্বায়ক কমিটি পুনর্গঠন এবং ভিন্নমতকে যথাযথ গুরুত্ব না দেওয়ার মধ্য দিয়ে দলে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
নারীদের রাজনৈতিক অংশগ্রহণের বিষয়েও দলটির অবস্থানের সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নারীদের রাজনীতিতে এগিয়ে আসার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, এনসিপি তা যথাযথভাবে ধারণ করতে পারেনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার ফারজানা আফরোজের এনসিপিতে যোগ দেওয়ার খবর এবং সামান্তা শারমিনের পদত্যাগের ঘোষণা- দুটি ঘটনাই দলটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


