...|...|...

খেলা

৮ সেকেন্ডেই দ্রুততম গোলের ইতিহাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০:১০
Shares
৮ সেকেন্ডেই দ্রুততম গোলের ইতিহাস

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিরতি কাটিয়ে মাঠে ফিরেই চরম এক দুঃস্বপ্নের মুখোমুখি হতে হলো জার্মানির ঐতিহ্যবাহী ক্লাব বায়ার্ন মিউনিখকে। গোল কিক থেকে খেলা শুরুর মাত্র ৮ সেকেন্ডের মাথায় গোল হজম করে বসল দলটি।

আর এই অবিশ্বাস্য গোলের পেছনে বড় দায় বায়ার্নের কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের এক অনাকাঙ্ক্ষিত ভুল।

শনিবার (১০ অক্টোবর) অগসবার্গের বিপক্ষে ম্যাচটিতে এই দ্রুততম গোলের সুবাদে জার্মান বুন্দেসলিগার ইতিহাস নতুন করে লিখলেন রবিন ফেলহাউয়ার।

ঘটনার সূত্রপাত ম্যাচের একেবারেই প্রথম মুহূর্তে। লুইস দিয়াজের দেওয়া ব্যাকপাস থেকে বল নিয়ন্ত্রণে নেন বায়ার্নের ৪০ বছর বয়সী তারকা গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। পরিস্থিতি কোনোভাবেই সংকটজনক মনে হচ্ছিল না। তবে বল ক্লিয়ার করতে গিয়ে একটু বেশি দূরত্বে ঠেলে দেন নয়্যার।

ঠিক সেই সুযোগে দ্রুত গতিতে সামনে ছুটে আসেন অগসবার্গের স্ট্রাইকার ফেলহাউয়ার। তাকে ফাঁকি দিয়ে চিপ করে বল পার করার চেষ্টা করেন নয়্যার।

কিন্তু নয়্যারের সেই চিপ সরাসরি গিয়ে লাগে ফেলহাউয়ারের পিঠে। সেখান থেকে রিবাউন্ড হয়ে আসা বল ফাঁকা জালে জড়িয়ে দিতে মোটেও ভুল করেননি অগসবার্গের এই ফুটবলার।

বল যখন জালে যায়, তখন ঘড়ির কাঁটায় অতিক্রান্ত হয়েছে মাত্র ৮ সেকেন্ড। জার্মানির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর সময়গণনা অনুযায়ী, গোলটি সম্পন্ন হতে ঠিক ৮.৪ সেকেন্ড সময় লেগেছে।

আর এই এক গোলেই বুন্দেসলিগার ইতিহাসের দ্রুততম গোলদাতার খেতাব নিজের নামে করে নিলেন ফেলহাউয়ার।

এত দিন এই ঐতিহাসিক রেকর্ডটি যৌথভাবে দখলে রেখেছিলেন বায়ার লেভারকুসেনের করিম বেলারাবি এবং হফেনহাইমের কেভিন ফলান্ড। তারা দুজনেই ৯ সেকেন্ডে গোল করার কীর্তি গড়েছিলেন।