...|...|...

শিক্ষা

২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির নতুন নিয়ম, যা জানা জরুরি অভিভাবকদের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ৭:৪৮ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৫
Shares
২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির নতুন নিয়ম, যা জানা জরুরি অভিভাবকদের

ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির নিয়ম ও সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য নেওয়া হবে লিখিত পরীক্ষা।

মাউশির ১৯ নভেম্বর প্রকাশিত নির্দেশনায় ঢাকা মহানগরীসহ দেশের সব বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ভর্তির নিয়মাবলি তুলে ধরা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটকের প্রিপেইড মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের তালিকায় রাখতে পারবে। এ ক্ষেত্রে পছন্দের ক্রমানুসারে বিদ্যালয় নির্বাচন করতে হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি শিফট চালু থাকলে উভয় শিফট নির্বাচন করা হলে তা দুটি পৃথক পছন্দ হিসেবে গণ্য হবে। তবে একই বিদ্যালয় বা শিফট একাধিকবার নির্বাচন করা যাবে না।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১টায়।

অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় লিখিত পরীক্ষা নেবে। পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম জমা দেওয়ার তারিখ ও সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে।

মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা-২০২৭ অনুযায়ী কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করতে হবে।

ভর্তি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ভর্তি ও পরিবীক্ষণ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া ওই কমিটির তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট dshe.gov.bd এবং টেলিটকের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে।