...|...|...

শিক্ষা

এইচএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষায় ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৮
Shares
এইচএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষায় ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টায় প্রকাশিত এ ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফলের ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd/)  এবং আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে এ ফল জানতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি পত্রের জন্য আবেদন করে। যার মধ্যে ২৮ হাজার ৩৬১ জনের (১০ দশমিক ৮৩ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বাধিক ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর (৭১ হাজার ৭৬২টি পত্র) মধ্যে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা শতকরা হিসেবে ৪৪ দশমিক ১৯ শতাংশ।

ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি পত্রের জন্য আবেদন করে; এর মধ্যে ৫ হাজার ৮৫৩ জনের (৭ দশমিক ১৬ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর (৯২ হাজার ৭৭৬টি পত্র) মধ্যে ৩ হাজার ৬৫ জনের (১২ দশমিক ১৭ শতাংশ),

বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর (৫৩ হাজার ৪০৯টি পত্র) মধ্যে ২ হাজার ৭৭২ জনের (২২ দশমিক ৫৫ শতাংশ), দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জন আবেদনকারীর (৮৯ হাজার ৪২০টি পত্র) মধ্যে ২ হাজার ২৪৮ জনের (৯ দশমিক ১৬ শতাংশ) এবং চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জন আবেদনকারীর (১ লাখ ১৭ হাজার ৭০০টি পত্র) মধ্যে ২ হাজার ৪৩ জনের (৭ দশমিক ৫৩ শতাংশ) ফলাফল পরিবর্তন হয়েছে।

অন্যান্য সাধারণ বোর্ডের মধ্যে যশোরে ২৬ হাজার ২৭৭ জন আবেদনকারীর (৯৭ হাজার ৬১৮টি পত্র) মধ্যে ১ হাজার ৯০৯ জনের (৭ দশমিক ২৬ শতাংশ), সিলেটে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর (৫১ হাজার ২৪৩টি পত্র) মধ্যে ১ হাজার ৩৫৩ জনের (৯ দশমিক ৩৭ শতাংশ) এবং রাজশাহীতে ৩১ হাজার ৩৬৪ জন আবেদনকারীর (১ লাখ ৯ হাজার ৯৭১টি পত্র) মধ্যে ৭৭৯ জনের (২ দশমিক ৪৮ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ১১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ৪০ হাজার ৮৩০টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদন করে; যার মধ্যে ১ হাজার ১২৮ জনের (৯ দশমিক ৪৯ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে ১৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী ২৬ হাজার ৮০৬টি পত্রের জন্য আবেদন করে; এর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের (২২ দশমিক ১৩ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

এতে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।

কাক্সিক্ষত ফল না পেয়ে গত ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করে বিপুল সংখ্যক শিক্ষার্থী।