...|...|...

জাতীয়

শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না শিক্ষকরাও

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:০০
Shares
শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না শিক্ষকরাও

ছবি: এআই জেনারেটেড

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার করতে পারবেন না শিক্ষকরা। শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এরই মধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।

শিক্ষামন্ত্রী সংসদে উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।