...|...|...

সারাদেশ

২০ টাকার মুড়ি দিয়ে বিএনপি নেতার ২ মিনিটের ভাষণ, ভিডিও ভাইরাল

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, সকাল ১১:৩০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৩
Shares
২০ টাকার মুড়ি দিয়ে বিএনপি নেতার ২ মিনিটের ভাষণ, ভিডিও ভাইরাল

ছবি: ভিডিও থেকে নেওয়া

টানা ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যখন ১০ হাজার মানুষ পানিবন্দি, ঠিক তখন ত্রাণ বিতরণের নামে এক বিএনপি নেতার ২০ টাকার মুড়ি ও ১০০ টাকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি বন্যার্তদের মাঝে ২০ টাকার মুড়ি ও নগদ আনুমানিক ১০০ টাকা বিতরণ করছেন এবং নিজেই বক্তব্য ধারণ করছেন। 

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘শ্রীমঙ্গল ও কমলগঞ্জ ৪ আসনের এমপির পক্ষ থেকে আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। উনি আমাদেরকে বলে দিয়েছেন, আমরা আগে ও ছিলাম এখনও আছি আপনাদের পাশে।’

এই ভিডিও প্রকাশের পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করছেন - একেই বলে ২ টাকার মুড়ি দিয়ে ৩ টাকার ভাষণ। অনেকে লিখেছেন, ২ থেকে ৩ টাকার মুড়ি দিয়ে ২ মিনিটের বক্তব্য, এখনও আমরা মানুষ হতে পারলাম না।

এদিকে বুধবার (৮ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় ধলাই নদীর প্রায় ১০ মিটার অংশ ভেঙে যায়। এরপর হু হু করে পানি ঢুকে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

প্লাবিত গ্রামগুলো হলো- মোকাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গংগানগর, কোনাগাঁও, বেরিগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারায়বিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেতইগাঁও, ভানুবিল ও ঘোরামারা। এসব গ্রামের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে বিভিন্ন গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। বন্যায় বিস্তীর্ণ আউশ ফসলের মাঠও পানির নিচে।

স্থানীয় বাসিন্দা সাকিব মিয়া ও জাকির হোসেন বলেন, রাতের বেলায় হঠাৎ বাঁধ ভেঙে পানি ঢুকে যায়। কয়েকটি ইউনিয়নের অনেক গ্রাম এক রাতেই প্লাবিত হয়েছে। আমাদের এখন থাকা-খাওয়ার খুব কষ্ট হচ্ছে।

স্থানীয়রা জানান, ধলাই নদীর মখাবিলের এ অংশটি অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ড যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এত বড় ক্ষতি হতো না। বন্যায় মানুষের ঘরবাড়িতে পানি উঠেছে। আউশ ধানসহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

ত্রাণ নিয়ে এমন ভিডিও ভাইরাল হওয়ার পর বন্যাকবলিত মানুষের মাঝে ক্ষোভ আরও বাড়ছে। অনেকেই বলছেন, দুর্যোগের সময় রাজনৈতিক ফায়দা না নিয়ে প্রকৃত সহায়তা দরকার।