সরকারের তরুণ উদ্যোক্তা ঋণ কর্মসূচিতে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও চূড়ান্ত তালিকায় নাম না আসায় ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিও বার্তায় শামীম হোসেন বলেন, ‘এই দল থেকে স্বেচ্ছায় আমি আমার পদ থেকে পদত্যাগ করছি। আমি আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো মিছিল-মিটিং, প্রোগ্রামে সম্পৃক্ত থাকব না।’
দলীয় কোনো বিষয়ে তার সাথে যোগাযোগ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আজকে থেকে চির সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।’
ভিডিওতে শামীম হোসেন জানান, তিনি একজন তরুণ উদ্যোক্তা। পড়ালেখার পাশাপাশি বাড়িতে বিভিন্ন জাতের কবুতর ও পাখি পালন করেন। তরুণ উদ্যোক্তাদের জন্য সরকার ঘোষিত স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ কর্মসূচিতে তিনি আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে মৌখিক পরীক্ষায়ও অংশ নেন। তবে চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
শামীম হোসেনের অভিযোগ, ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে চারটি মামলার আসামি হতে হয়েছে। সংগঠনের জন্য কাজ করতে গিয়ে নিজের ক্যারিয়ারেরও ক্ষতি করেছেন। অথচ দলে সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে ছাত্রদলের যেসব নেতা-কর্মী ত্যাগ স্বীকার করেছেন এবং নিজ উদ্যোগে ছোট পরিসরে ব্যবসা ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন, তাদের প্রত্যাশা ছিল সরকারি ঋণ কর্মসূচির মাধ্যমে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন। কিন্তু চূড়ান্ত তালিকায় এমন বঞ্চিত ও ত্যাগী কর্মীদের নাম না আসায় তৃণমূল পর্যায়ে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
এই হতাশা ও অভিমান থেকেই রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানান মারুফ বিল্লাহ।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যে দেখা যাচ্ছে, ঋণ কর্মসূচির চূড়ান্ত তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিবারের একাধিক ব্যক্তির নাম রয়েছে। বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।


