দেশে প্রাকৃতিকভাবে থাকা প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। একইসাথে সমুদ্রের সম্পদ আহরণ করতে গিয়ে পরিবেশের ক্ষতি না করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সামুদ্রিক খাতের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘অষ্টম বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো বিমক্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ সমুদ্র, নদী ও জলরাশির প্রাচুর্যের কারণে সৌভাগ্যবান। দেশে প্রাকৃতিকভাবে প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথ থাকলেও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি। সরকার এ খাতের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাতে চায়।
সমুদ্রসম্পদ আহরণের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সমুদ্রের সম্পদ কাজে লাগাতে গিয়ে পরিবেশকে ঝুঁকির মুখে ফেলা যাবে না। সমুদ্রের যথেচ্ছ ব্যবহার বন্ধ করে নিয়ন্ত্রিত পদ্ধতি ও সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও সচেতনতা বাড়ছে। সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে অল্প সময়ের মধ্যেই সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে।
দেশের সমুদ্রবন্দর ও সামুদ্রিক খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দরের কার্যক্রম সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হয়েছে। মাতারবাড়ীতে আন্তর্জাতিক মানের সুবিধাসম্পন্ন গভীর সমুদ্রবন্দর গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি পায়রা সমুদ্রবন্দর কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে।
বন্দর পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের শীর্ষ পাঁচটি কনটেইনার টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে তিনটিকে বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। লালদিয়া ও পানগাঁওসহ বিভিন্ন বন্দর ও টার্মিনালের কার্যক্রমে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা বাড়ানো হচ্ছে। সম্প্রতি ডিপি ওয়ার্ল্ডকেও কনটেইনার টার্মিনাল পরিচালনায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সামুদ্রিক খাতের সম্ভাবনা কাজে লাগাতে জ্বালানি, লজিস্টিকস, বন্দর ব্যবস্থাপনা, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহারসহ সংশ্লিষ্ট সব খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। মাছ আহরণ থেকে শুরু করে সমুদ্রের তলদেশে তেল-গ্যাস অনুসন্ধান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো সমুদ্রসীমা নির্ধারণের পর তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে অগ্রসর হয়েছে। তবে বাংলাদেশ এ ক্ষেত্রে এখনো প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।
সামুদ্রিক খাতে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দিয়ে শেখ রবিউল আলম বলেন, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ থাকলেও আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা প্রয়োজন। এ ক্ষেত্রে ফিলিপাইনের মতো দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। সরকার এ খাতের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চায়।
বাংলাদেশের সামুদ্রিক খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগকারী ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়েছেন মন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার। এ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেভাবে এগিয়ে আসতে চায়, সরকার সেভাবেই সহযোগিতা করতে প্রস্তুত।
ফসিল জ্বালানি থেকে সবুজ জ্বালানিতে রূপান্তরের বিষয়ে তিনি বলেন, উন্নত বিশ্বে এ নিয়ে নানা বিতর্ক রয়েছে। তবে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা ও সীমাবদ্ধতাও বিবেচনায় নিতে হবে। নতুন প্রযুক্তিতে রাতারাতি রূপান্তর অনেক সময় চ্যালেঞ্জ তৈরি করে। তাই পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সমন্বয় রেখে এগিয়ে যেতে হবে।
সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপী ‘বিমক্স ২০২৬’ প্রদর্শনীতে সামুদ্রিক ও অফশোর শিল্পের আধুনিক প্রযুক্তি, পণ্য ও সেবা তুলে ধরা হচ্ছে। এতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, সেমিনার ও প্যানেল আলোচনার আয়োজন রয়েছে।
সামুদ্রিক পরিবহন, জাহাজ নির্মাণ, জাহাজ পুনর্ব্যবহার, বন্দর পরিচালনা ও অফশোর কার্যক্রমে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এ আয়োজনের অন্যতম লক্ষ্য।




