...|...|...

জাতীয়

জুলাই কোনো রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: সড়ক মন্ত্রী

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, বিকেল ৩:১২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, সকাল ৮:৫৪
Shares
জুলাই কোনো রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: সড়ক মন্ত্রী

সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়, বরং এটি সমগ্র জাতির অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং এ নিয়ে কোনো ধরনের অপরাজনীতির সুযোগ নেই।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছি। সেই সনদে আমরা সই করেছি। যে সনদ বিএনপির অঙ্গীকার ছিল, তা বাস্তবায়নের দায়িত্ব জনগণ ভোটের মাধ্যমে আমাদের দিয়েছে। আমরা সংসদে সেই অঙ্গীকার প্রতিষ্ঠা করব। প্রধানমন্ত্রীর অঙ্গীকার নিয়ে অপরাজনীতি করার কোনো সুযোগ নেই। জুলাই কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন নয়, এটি জাতির অর্জন।

তিনি আরও বলেন, জুলাই আমাদের নতুনভাবে শানিত ও আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে। একই সাথে একটি ফ্যাসিবাদী সরকারের পতন কীভাবে নিশ্চিত করতে হয়, সেটিও শিখিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দিনের নেতৃত্ব তৈরির সূতিকাগার, জুলাই সেই বার্তাও দিয়েছে। আমরা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছি। রাষ্ট্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সরকার গঠন করেছি। এখন সময় রাষ্ট্রকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার, যার নেতৃত্বে রয়েছে তারেক রহমানের সরকার।

আলোচনা সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেন এবং ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।