বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে দলটি। এই সমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, প্রতিবেশী দেশ থেকে শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে আবারও সহিংসতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। কৃত্রিম সংকট তৈরি করে দেশের চলমান গণতান্ত্রিক স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
রিজভী বলেন, বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি থেকে সরে আসেননি। তার নির্দেশনায় ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। এসব ঘটনায় বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তাদের মধ্যে কৃষক দলের দুজন এবং ভাঙ্গার একজন নেতা রয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ভূমিকা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি পেছনে ফেলে দেশ এখন গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সহিংসতা ও উসকানির পরও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগের পথে হাঁটেনি। বরং ধৈর্য ও সহনশীলতার সাথে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে। সরকারের এ অবস্থান দেশ-বিদেশে প্রশংসা পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নেওয়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের বক্তব্য নিয়েও কথা বলেন রিজভী। তিনি জানান, ওই অনুষ্ঠানে থেকেও হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের বিষয়েও বক্তব্য দিয়েছেন। বিএনপির এই নেতার মতে, এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নের মুখে পড়েছে।
ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত বক্তব্যেরও প্রতিবাদ জানান রিজভী। তিনি বলেন, লাখো মানুষের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। দেশের এক ইঞ্চি ভূখণ্ডেও বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন ও সদস্য সচিব এসএম জাহাঙ্গীর, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



