...|...|...

জাতীয়

পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০৯
Shares
পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার

ছবি: সংগৃহীত

‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চাহিদার প্রেক্ষিতে বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চাহিদার ভিত্তিতে পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে আমরা গ্রেফতার করেছি। আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সোপর্দ করা হবে।

আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, রাজধানীর খিলগাঁও থানা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন জনি। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। তার সাথে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন। এরপর ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে জনিকে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধে’র নাটক সাজিয়ে হত্যা কারা হয় বলে অভিযোগ করা হয়েছে।