...|...|...

জাতীয়

কর্মসংস্থান ও দারিদ্র্যবিমোচনে প্রাণিসম্পদ খাতকে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪০
Shares
কর্মসংস্থান ও দারিদ্র্যবিমোচনে প্রাণিসম্পদ খাতকে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্যবিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে নতুন নতুন বাজার সম্প্রসারণের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আমাদের নিত্যনতুন বাজার সম্প্রসারণ করতে হবে।’

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখায় আটটি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেন প্রধানমন্ত্রী।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মধ্য দিয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা ও অগ্রগতির বিষয়গুলো তুলে ধরা হবে।