...|...|...

খেলা

বিশ্বকাপ জয়ের সামর্থ্য আর নেই ব্রাজিলের, বললেন রোনালদো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৯
Shares
বিশ্বকাপ জয়ের সামর্থ্য আর নেই ব্রাজিলের, বললেন রোনালদো

ছবি: সংগৃহীত

একসময় বিশ্ব ফুটবলে দাপট ছিল ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামার আগে ভাবতে হতো অন্য দলগুলোকে। কিন্তু সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনাকে এখন বেশি লড়াকু মনে করেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন অবস্থান ব্রাজিলের ফুটবলপ্রেমীদের জন্য কষ্টের বলেও মন্তব্য করেছেন সাবেক এই স্ট্রাইকার।

সম্প্রতি ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হয়ে নিজের ফুটবল ক্যারিয়ার, ব্রাজিলের বর্তমান অবস্থা ও বিশ্বকাপ নিয়ে কথা বলেন রোনালদো। ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলের সঞ্চালনায় আয়োজিত আলোচনায় ব্রাজিলের বিশ্বকাপ না জেতার কারণও তুলে ধরেন তিনি।

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর ২৪ বছর পেরিয়ে গেলেও আর শিরোপার দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই সময়ে সর্বোচ্চ সেমিফাইনালে উঠতে পেরেছে দলটি। রোনালদোর মতে, ব্রাজিলের ফুটবলে নিজস্ব বৈশিষ্ট্য ও আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। ইউরোপীয় ফুটবলারদের অনুকরণ করতে গিয়ে নিজেদের স্বকীয়তা হারাচ্ছে দলটি।

এ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে আমাদের দেশে নিজেদের প্রতিভার ওপর ভর করেই প্রচণ্ড আত্মবিশ্বাস কাজ করত। কিন্তু আজকের ইউরোপীয়রা অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং তারা ভালো খেলে।’

বর্তমান ব্রাজিল দলকে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবেও দেখছেন না সাবেক এই তারকা। তার মতে, দলটির খেলোয়াড়দের মধ্যে ঐক্যের অভাব রয়েছে। রোনালদোর ভাষায়, ‘বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয় ব্রাজিল। আমাদের শক্তিশালী দল নেই, আমরা ঐক্যবদ্ধ নই।’

অন্যদিকে আর্জেন্টিনার বর্তমান দলকে ব্রাজিলের তুলনায় বেশি লড়াকু মনে করেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন অগ্রগতি ব্রাজিলিয়ানদের জন্য মেনে নেওয়া কঠিন বলেও উল্লেখ করেন রোনালদো।

খেলোয়াড়ি জীবনে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনবার। ১৯৯৪ সালে দলের সাথে থাকলেও সেবার মাঠে নামার সুযোগ হয়নি। ১৯৯৮ সালে ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেননি। তবে ২০০২ সালে রোনালদিনিও ও রিভালদোদের সাথে মিলে বিশ্বকাপ জয়ের পাশাপাশি আসরে সর্বোচ্চ আট গোল করেন তিনি।

পডকাস্টে নিজের ক্যারিয়ারে খেলা সেরা দল সম্পর্কে প্রশ্ন করা হলে রোনালদো বেছে নেন ২০০২ সালের ব্রাজিল দলকে। তার মতে, সেই দলের যে কাউকে হারানোর সামর্থ্য ছিল। তিনি বলেন, ‘২০০২ ব্রাজিল জাতীয় দল। আমরা যে কাউকে হারাতে পারতাম। রবার্তো কার্লোস সেরা ফর্মে ছিল। কাফু, লুসিও, এডমিলসন, রকি জুনিয়রও দুর্দান্ত ছিল। গিলবার্তো সিলভা এবং ক্লেবারসন ভালো খেলছিল। রিভালদো, রোনালদিনিও...জুনিনিও।’

সেই দলের প্রশংসা করেন আলোচনায় উপস্থিত আর্সেনালের সাবেক তারকা ইয়ান রাইটও। তার মন্তব্যের জবাবে রোনালদো বলেন, দলটির খেলোয়াড়েরা একসাথে দারুণ ফুটবল খেলেছিলেন।

২০০২ বিশ্বকাপে রোনালদিনিওর পারফরম্যান্স নিয়েও কথা বলেন সাবেক এই স্ট্রাইকার। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফ্রি-কিক থেকে করা রোনালদিনিওর আলোচিত গোলটির প্রসঙ্গও ওঠে আলোচনায়। রোনালদো জানান, রোনালদিনিও এখনো দাবি করেন, গোলরক্ষক ডেভিড সিম্যানের মাথার ওপর দিয়ে নেওয়া শটটি তিনি ইচ্ছা করেই নিয়েছিলেন। বিষয়টি নিয়ে গ্যারি নেভিলের সাথে মজার কথোপকথনেও জড়ান তিনি।

আলোচনায় উঠে আসে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ব্যালন ডি’অর জয়ের প্রসঙ্গও। কেইনের স্বীকৃতি পাওয়াকে যথার্থ মনে করেন দুইবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো। তার মতে, দীর্ঘ সময় পর একজন প্রকৃত স্ট্রাইকার হিসেবে ‘নাম্বার নাইন’ আবার বড় স্বীকৃতি পেয়েছে।

কেইনের প্রশংসা করে রোনালদো বলেন, ‘সে এটার যোগ্য। আসল ‘নাম্বার নাইন’ আবার ফিরে এসেছে। দীর্ঘ সময় পর ‘৯ নম্বর’ জার্সির ফুটবলার গুরুত্বপূর্ণ কিছু জিতল। মানুষ হিসেবেও সে খুব ভালো। এই স্বীকৃতি তার প্রাপ্যই ছিল। তার অর্জনে সত্যিই অনেক অনেক খুশি হয়েছি।’

নিজের খেলোয়াড়ি জীবনে চোটের কারণে অনেক সময় মাঠের বাইরে থাকতে হয়েছে রোনালদোকে। ক্যারিয়ার শেষ করে দেওয়ার মতো গুরুতর চোট থেকেও ফিরে এসেছেন তিনি। এ প্রসঙ্গে বর্তমান সময়ের স্ট্রাইকারদের পাওয়া সুরক্ষা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন সাবেক এই তারকা।

রোনালদোর মতে, তার সময়ে ডিফেন্ডারদের আক্রমণাত্মক খেলার কারণে ফরোয়ার্ডদের অনেক বেশি শারীরিক ধকল সামলাতে হতো। অথচ বর্তমান সময়ে স্ট্রাইকাররা তুলনামূলক বেশি সুরক্ষা পাচ্ছেন। এ নিয়ে তিনি বলেন, ‘ইশ্‌, সেই সময়ে যদি আমি এমন সুরক্ষা পেতাম! তখন আমরা অনেক ভুগেছি। আমাদের প্রজন্মে চারদিকে শুধু ‘কিলার’ (নির্মম ডিফেন্ডার) ছিল। আমি যেখানেই খেলেছি, সেখানেই অসংখ্য নির্মম ডিফেন্ডার, আমাদের কোনো সুরক্ষা দেওয়া হতো না। এখন সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, তারা বেশ সুরক্ষিত আর এটাই ন্যায্য। তবে শুধু একটাই আক্ষেপ, আমার সময়ে এমন সুরক্ষা পাইনি।’