জন্মভূমি হাইতির হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেললেও আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখেন কিকি রামোস। ভয়াবহ ভূমিকম্পে শৈশবেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আর্জেন্টিনায় দত্তক পরিবারের কাছে বেড়ে ওঠা এই তরুণ ফুটবলার ভবিষ্যতে মেসিদের দলে খেলার আশা ছাড়েননি।
কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘বোলাভিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের ফুটবলযাত্রা ও জাতীয় দল বেছে নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন রামোস।
২০০৯ সালের এপ্রিলে হাইতিতে জন্ম নেওয়া রামোসের বয়স তখন মাত্র নয় মাস, যখন ২০১০ সালের ১২ জানুয়ারি দেশটিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ওই দুর্যোগে প্রাণ হারান লাখের বেশি মানুষ। পরে আর্জেন্টিনার একটি পরিবার তাকে দত্তক নেয়। সেখানেই বেড়ে ওঠা এবং ফুটবলে নিজের পরিচিতি তৈরি করা।
গত জুলাইয়ে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলে অভিষেক হয় রামোসের। তবে চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার মূল দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম মনে হওয়ায় জন্মভূমি হাইতির হয়ে খেলার প্রস্তাব গ্রহণ করেন তিনি।
হাইতি বিশ্বকাপের তিনটি ম্যাচেই হেরে বিদায় নিলেও সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নজর কাড়েন রামোস। ২-১ গোলে হারা সেই ম্যাচে হাইতির একমাত্র গোলটি করেন তিনি। তার গোলেই শুরুতে এগিয়ে গিয়েছিল দলটি।
হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত প্রসঙ্গে রামোস জানান, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা কঠিন মনে হচ্ছিল। ঠিক সেই সময় হাইতির হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ আসে। সিদ্ধান্তটি সহজ না হলেও বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি।
রামোস বলেন, ‘আমার মনে হয়েছিল, আর্জেন্টিনার হয়ে এটা (বিশ্বকাপে খেলা), বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা খুব কঠিন হবে, আর তখনই হাইতির হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ আসে। অবশ্যই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল; কারণ আমার সবসময়ের স্বপ্ন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা। কিন্তু সুযোগটা চলে আসে এবং আমি তখন ভাবলাম, বিশ্বকাপে খেলার সুযোগ এলে আমরা সবাই-ই হ্যাঁ বলি। তাই এখানে আমি হাইতির হয়ে খেলার জন্য আসি।’
তবে হাইতির বয়সভিত্তিক দলের হয়ে খেলার কারণে আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি তার। ফিফার নিয়ম অনুযায়ী, বয়সভিত্তিক পর্যায়ে একটি দেশের হয়ে খেললেও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অন্য দেশের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ থাকে।
এ বিষয়ে আত্মবিশ্বাসী রামোসের বক্তব্য, ‘আমি এখনও আর্জেন্টিনার হয়ে খেলতে পারি।’
এদিকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়েছে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করলেও পরের দুই ম্যাচে একটি জয় ও একটি ড্র পেয়েছে তারা। চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে পরবর্তী পর্বে উঠেছে দলটি।



