...|...|...

খেলা

পিএসজির নজরে আর্জেন্টাইন তরুণ, গুনতে হবে ১০ কোটি ইউরো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২৫
Shares
পিএসজির নজরে আর্জেন্টাইন তরুণ, গুনতে হবে ১০ কোটি ইউরো

জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ছবি: সংগৃহীত

পিএসজির নজরে আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। তবে ২০ বছর বয়সী এই উইঙ্গারকে সহজে ছাড়তে রাজি নয় পর্তুগিজ ক্লাব বেনফিকা। বরং তার সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে রিলিজ ক্লজ ১০ কোটি ইউরো করার পরিকল্পনা করছে ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে ম্যাচের আগে বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন বেনফিকার কোচ মার্কো সিলভা। পিএসজির আগ্রহ এবং প্রেস্তিয়ান্নির সম্ভাব্য দলবদল নিয়ে প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

চোটের কারণে দলের দুই গুরুত্বপূর্ণ ফরোয়ার্ডকে হারিয়েছে পিএসজি। ফলে শীতকালীন দলবদলে আক্রমণভাগের শক্তি বাড়াতে নতুন খেলোয়াড় খুঁজছে ফরাসি ক্লাবটি। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সেই তালিকায় আছেন আর্জেন্টাইন তরুণ প্রেস্তিয়ান্নি। তাকে দলে ভেড়াতে বেনফিকার সাথে যোগাযোগও করছে পিএসজি।

দুই উইংয়েই খেলতে সক্ষম প্রেস্তিয়ান্নি চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে তার গোল ১৩টি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ছয় গোল।

তবে তাকে পেতে পিএসজিকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে। বেনফিকার সাথে বর্তমানে ২০২৯ সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তি রয়েছে প্রেস্তিয়ান্নির। এরই মধ্যে ২০৩১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে খেলোয়াড়টির সাথে মৌখিক সমঝোতায় পৌঁছেছে ক্লাবটি। পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর, নতুন চুক্তিতে বেতন বাড়ানোর পাশাপাশি ১০ কোটি ইউরোর রিলিজ ক্লজ রাখার পরিকল্পনা রয়েছে।

পিএসজির আগ্রহ নিয়ে প্রশ্নের জবাবে বেনফিকা কোচ মার্কো সিলভা বলেন, ‘আমি কোনো কিছুতেই ভয় পাই না।’

প্রেস্তিয়ান্নির চুক্তিতে রিলিজ ক্লজের অঙ্ক নিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন, এই ধারার অর্থ কী। অঙ্কটা যদি ২০ কোটি ইউরো হতো, তাহলে হয়তো আমাদের একটু বেশি সুবিধা হতো। তবে এ নিয়ে কথা বলাটা গুরুত্বপূর্ণ বলে মনে করি না।’

তবে আর্জেন্টাইন তরুণকে ছাড়ার কোনো আভাস দেননি সিলভা। বরং সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘১৫ দিন আগেও যখন আমাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন বলেছিলাম, সমর্থকেরা নিশ্চিন্ত থাকতে পারেন। আবারও একই কথা বলছি। প্রেস্তিয়ান্নির সাথে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তি আছে। তার পারফরম্যান্সের কারণে চুক্তি বাড়ানোর আলোচনা এখন শেষ পর্যায়ে।’

এদিকে প্রেস্তিয়ান্নির সম্ভাব্য দলবদল থেকে আর্থিক সুবিধা পেতে পারে তার সাবেক ক্লাব আর্জেন্টিনার ভেলেজ সার্সফিল্ডও। ২০২৪ সালের জানুয়ারিতে ৯০ লাখ ইউরোর বিনিময়ে তাকে বেনফিকার কাছে বিক্রি করেছিল ক্লাবটি। তবে ভবিষ্যতে দলবদলের ক্ষেত্রে ১৫ শতাংশ স্বত্ব নিজেদের কাছে রেখেছিল তারা। প্রশিক্ষণ ফিসহ অন্যান্য পাওনা যুক্ত হলে পরবর্তী দলবদল থেকে প্রায় ২০ শতাংশ অর্থ পেতে পারে ভেলেজ।

গত বছরের নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় প্রেস্তিয়ান্নির। মাঝে দল থেকে বাদ পড়লেও গত অক্টোবরে তাকে আবারও ডাকেন কোচ লিওনেল স্কালোনি। অক্টোবর ও নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে মাঠে নেমেছেন এই তরুণ। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত তার ম্যাচসংখ্যা পাঁচ।