...|...|...

খেলা

মাকে নিয়ে কটূক্তি, গোলকিপারকে ঘুষি মেরে রক্তাক্ত করলেন রেফারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০১
Shares
মাকে নিয়ে কটূক্তি, গোলকিপারকে ঘুষি মেরে রক্তাক্ত করলেন রেফারি

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রেফারির। অথচ সেই রেফারিই ম্যাচ শেষে প্রতিপক্ষের গোলরক্ষককে ঘুষি মেরে বসেছেন। বলিভিয়ার ঘরোয়া ফুটবলের কাপ ফাইনালের ফিরতি লেগ শেষে এমন বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন রেফারি জর্দি আলেমান। তার ঘুষিতে আর্জেন্টাইন গোলরক্ষক ক্রিশ্চিয়ান মার্তিনেজের মুখ থেকে রক্তও ঝরেছে। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা এই কর্মকর্তা।

ঘটনাটি ঘটে বলিভিয়ার ভিক্তর আগুস্তিন উগার্তে স্টেডিয়ামে। ম্যাচে রিয়াল পতোসি ও আলিয়াঞ্জা রেডি গোলশূন্য ড্র করে। তবে প্রথম লেগে ৩-১ গোলে জেতায় শেষ পর্যন্ত শিরোপা নিজেদের করে নেয় আলিয়াঞ্জা রেডি।

ম্যাচের শেষ বাঁশি বাজার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রেফারির সিদ্ধান্ত ও ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তুষ্ট রিয়াল পতোসির কয়েকজন খেলোয়াড় তাকে ঘিরে ধরেন। ওই সময় রেফারির আশপাশে কোনো পুলিশ সদস্যও ছিলেন না। একপর্যায়ে গোলরক্ষক মার্তিনেজের মুখে ঘুষি মারেন আলেমান। এ ঘটনার পাশাপাশি চার খেলোয়াড় ও পতোসির কোচিং স্টাফের তিন সদস্যকে লাল কার্ড দেখান তিনি।

ঘটনার পর মার্তিনেজ জানান, রেফারির আঘাতে তার মুখ দিয়ে রক্ত বের হয়েছিল। তবে তিনি মাটিতে পড়ে যাননি। একই সাথে রেফারির মাকে নিয়ে কটূক্তি করার বিষয়টিও স্বীকার করেন ২৯ বছর বয়সী এই গোলরক্ষক। তিনি রেফারিকে বলেছিলেন, ‘আশা করি, তোমার মা মারা যাবেন।’ এ ছাড়া রেফারির করা অন্যায় তার নিজের জীবনেও ফিরে আসুক বলে মন্তব্য করেছিলেন তিনি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্তিনেজ জানান, এ ঘটনায় রেফারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কিংবা আনুষ্ঠানিক অভিযোগ করার পরিকল্পনা নেই তার। বিষয়টি আর বাড়াতে চান না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এই ঘটনাকে এখানেই শেষ করতে চাই। এ নিয়ে আর কোনো বিরোধ তৈরি হোক, তা চাই না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সহায়তা করতে এবং প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে আমি প্রস্তুত।’

এদিকে ঘটনার বিষয়ে এখন পর্যন্ত রেফারি জর্দি আলেমান, রিয়াল পতোসি কর্তৃপক্ষ কিংবা বলিভিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।