...|...|...

সারাদেশ

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪১
Shares
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান হত্যাকাণ্ডের পর গণপিটুনিতে মেহেদী হাসান (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মেহেদী নগরের বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। সুরুজ জামান হত্যায় জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যদের জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা সুরুজ ঘটনার সময় তার সাত বছর বয়সী মেয়েকে নিয়ে ছিলেন। মেয়ের সামনেই তাকে হত্যা করা হয়।

সুরুজের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পুলিশ জানায়, এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘরেও ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সুরুজ জামান হত্যাকাণ্ড ও পরবর্তী গণপিটুনির ঘটনায় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম এ তথ্য জানিয়ে বলেন, ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।