সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর ও আরামকো তেল শোধনাগারে পৃথক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এসব হামলায় দুই বাংলাদেশিসহ আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সৌদির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হন।
জিএসিএ আরও জানায়, আহত আটজনের মধ্যে এক সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি ও একজন নেপালি নাগরিক রয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, ২১ অক্টোবর রাত আনুমানিক ৯টায় দাম্মাম বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত হন। তারা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন।
মন্ত্রণালয় জানায়, আহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বাঙ্গরাবাজারের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদরের মোহাম্মদ আবদুর রহিম। ধোঁয়া ও গরমে জ্ঞান হারালেও তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। তারা বর্তমানে সুস্থ আছেন এবং আগামীকাল শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন।
ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর থেকে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বাড়ছে। সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, চলতি অক্টোবর মাসের শুরু থেকে দেশের বিমানবন্দরগুলোতে একাধিক হুথি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।


