...|...|...

জাতীয়

সৌদিতে হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামে বিমানের ফ্লাইট

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৯
Shares
সৌদিতে হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামে বিমানের ফ্লাইট

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলার ঘটনার মধ্যে ৩৭৯ যাত্রী নিয়ে দেশটির দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি দাম্মামের উদ্দেশে ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মুখপাত্র শাহনুর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্বঘোষণা অনুযায়ী সকাল ৮টায় ফ্লাইটটি দাম্মামের উদ্দেশে ছেড়ে গেছে। ফ্লাইট পরিচালনার অনুমতি ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনুমতি ছিল বিধায় ফ্লাই করেছে। অনুমতি না থাকলে তো আর ফ্লাই করত না।’

এর আগে বুধবার সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি গোষ্ঠীর হামলায় একজন নিহত ও আটজন আহত হন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

কর্তৃপক্ষ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে কেউ সামান্য, আবার কেউ গুরুতর আঘাত পেয়েছেন। তাঁদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

একই দিন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে উড়ে আসা একটি ড্রোন প্রতিহত করে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

হুথি যোদ্ধাদের সাথে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।

গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ধারাবাহিক হামলার কারণে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হতে থাকে। বুধবার পর্যন্ত মোট ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২০ হাজারের বেশি যাত্রী আটকা পড়েন।

এ পরিস্থিতিতে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার নতুন সময়সূচি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতি হওয়ায় আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে আবার চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

জেদ্দাগামী ফ্লাইটের ক্ষেত্রে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে নিয়মিত চলছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।