...|...|...

সারাদেশ

সিলেটের বিছানাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৬
Shares
সিলেটের বিছানাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

ছবি: সংগৃহীত

সিলেটের বিছানাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিছানাকান্দি সীমান্ত এলাকার ভেতর থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।

তিনি জানান, দুপুরে বিছানাকান্দি সীমান্তে বিএসএফের একজন সদস্য অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে চলে আসেন। বিষয়টি নজরে আসার সাথে সাথে সেখানে দায়িত্বরত বিজিবির টহল দল তৎক্ষণাৎ ওই বিএসএফ সদস্যকে নিজেদের তত্ত্বাবধানে নেয়। বর্তমানে তাকে বিজিবির বর্ডার আউটপোস্টে (বিওপি) রাখা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।