নন-ক্যাডার ২০ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে পদোন্নতি দিয়ে রবিবার (১১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ড. গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪’-এর ৫ নম্বর বিধি এবং চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী এই পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব (ওএসডি) হরিচরণ চৌধুরী ও ফরিদা ইয়াসমিন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী সচিব মো. কামাল হোসেন ও মো. সাইদুর রহমান এবং সহকারী পরিচালক মো. তৈয়াবুর রহমান মোল্যা। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মল্লিকা রানী মণ্ডল, বাণিজ্য মন্ত্রণালয়ের মো. হুমায়ূন কবীর ও রুবিয়া খাতুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মো. মফিজুল ইসলাম, সরকারি কর্মচারী হাসপাতালের সহকারী পরিচালক মো. মাকসুদুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের শংকর কুমার শীল, পরিবেশ মন্ত্রণালয়ের মো. শওকতুল আম্বিয়া এবং সরকারি যানবাহন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম পদোন্নতি পেয়েছেন।
তালিকায় আরও রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেলিনা আক্তার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মো. রাশিদুল করিম, ভূমি মন্ত্রণালয়ের শাহানা আক্তার, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির সহকারী পরিচালক স্বপ্না রানী সোম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দেলোয়ার হোসেন, পরিকল্পনা বিভাগের মেহেরুন্নেছা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মহিউদ্দীন শামীম।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে সরাসরি বা ই-মেইলে যোগদানপত্র পাঠাতে হবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করে যাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

