নেত্রকোনার পূর্বধলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আরেক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে উপজেলার কান্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির নাম মাসুদ (১৮)। তিনি পূর্বধলা উপজেলার কান্দুলিয়া এলাকার বাসিন্দা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৪ অক্টোবর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেঁচুয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আনারুল ইসলামকে গ্রেফতার করে এসআরবি। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সাথে মামলার প্রধান আসামি উপজেলার কান্দুলিয়া এলাকার আনারুল ইসলামের (২২) প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা বিয়ে করেন। সম্পর্কের অবনতি হলে আনারুল ওই নারীকে তালাক দেন। এরপর দেখা করার কথা বলে গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় ওই নারীকে নিজের বাড়িতে ডেকে নেন আনারুল। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে জোর করে জনশূন্য এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মাসুদ ও আনারুলসহ অন্য আসামিরা ওই নারীকে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই মামলায় মোট তিনজন আসামি ছিলেন। তাদের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। মাসুদসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি। দুই আসামি কারাগারে রয়েছেন। আর মাসুদকে আজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


