...|...|...

সারাদেশ

সাজেক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ১০:৫৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, রাত ১০:৫৬
Shares
সাজেক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি

সাজেক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি। ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। একইসাথে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনিবার্য কারণবশত রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

এর আগে রবিবার সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। কর্মসূচির কারণে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সাজেকে যাতায়াতকারী পর্যটকেরা দুর্ভোগে পড়েন। অনেকে যাতায়াতের অনিশ্চয়তায় আটকা পড়েন।

পরে বিকেলে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিতের ঘোষণা দেয় সংগঠন দুটি। তবে অবরোধ স্থগিত হলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত সাজেক ভ্রমণে না যাওয়ার জন্য পর্যটকদের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে আগে থেকে সাজেক ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের আপাতত ভ্রমণসূচি পরিবর্তন করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণের বিষয়ে প্রশাসনের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।

জেলা প্রশাসনের জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণের কথা উল্লেখ করে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে। পাশাপাশি সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিরাপদে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।