...|...|...

সারাদেশ

জার্মান পর্যটকের ল্যাপটপ চুরি করা যুবককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ১০:২৬
Shares
জার্মান পর্যটকের ল্যাপটপ চুরি করা যুবককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

জার্মান পর্যটকের ল্যাপটপ চুরি করা যুবককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা। ছবি: সংগৃহীত

জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। নাটোর রেলওয়ে স্টেশন থেকে ল্যাপটপ, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্রভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। অভিযুক্তকে ধরতে সহায়তা ও সঠিক তথ্যদাতাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বাহিনীটি।

শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর রেলওয়ে স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযুক্ত যুবকের ছবিসংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়। 

এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার হাফিজ আল আসাদ জানান, অভিযুক্তকে গ্রেফতারে অভিযান ও অন্যান্য তৎপরতা অব্যাহত রয়েছে। তাকে শনাক্ত ও গ্রেফতারে সহায়তা করতে পারে এমন তথ্য পাওয়ার আশা করছেন তারা।

নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, অভিযুক্তকে গ্রেফতারে থানা পুলিশ, সিআইডি, রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করছেন। গোয়েন্দা তৎপরতাসহ বিভিন্নভাবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযুক্তের বাড়ি অন্য এলাকায় হওয়ায় তাকে ধরতে কিছুটা সময় লাগছে বলে জানান তিনি।

ঘটনার সূত্রপাত গত ৭ অক্টোবর। বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সাথে পরিচিত হয় এবং সখ্য গড়ে তোলে।

একপর্যায়ে এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান ক্রিল ল্যান্ডার। পরে ফিরে এসে ব্যাগ ও ওই যুবক কাউকেই আর খুঁজে পাননি তিনি। চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল।

এ ঘটনায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলছে। অভিযুক্তকে ধরিয়ে দিতে সহায়তা করতে পারে, এমন কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।