...|...|...

খেলা

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, সকাল ৭:৩৪ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৭
Shares
সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পাঠানো কিছু ই-মেইল নিয়ে ফুটবল অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে এএফএ জানিয়েছে, তারা একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে এবং বিতর্কিত মেইলগুলো তাদের প্রাতিষ্ঠানিক কোনো বার্তা নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ ব্যবধানে জয় পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই হারের পর ম্যাচ অফিশিয়ালদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েসহ পুরো রেফারি দলকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানায় মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

এই উত্তেজনার মাঝেই আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’ জানায়, ম্যাচের পর এএফএর অফিশিয়াল মেইল থেকে সাংবাদিকদের কিছু বার্তা পাঠানো হয়। যেখানে লেখা ছিল, ‘আর্জেন্টিনা জেতেনি’ এবং এই জয় আসলে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল’। মেইলটিতে মিসরের ফুটবলারদের প্রশংসাও করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার পেছনে রয়েছে।

বিতর্কিত ই-মেইলগুলো তাদের কোনো কর্মকর্তা তৈরি করেননি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদন নেই। তাদের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে তারা শঙ্কা প্রকাশ করছে।

সাম্প্রতিক সময়ে তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা, লিংক বা ব্যক্তিগত তথ্য চাওয়ার অনুরোধ এড়িয়ে চলার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

সব বিতর্ক একপাশে সরিয়ে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা।