আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক লিওপোলদো লুকেকে নির্দোষ দাবি করেছেন তার আইনজীবীরা। মামলার সমাপনী যুক্তিতর্কে তারা বলেছেন, ম্যারাডোনার মৃত্যু ছিল আকস্মিক ও অনিশ্চিত। একই সাথে চিকিৎসক লুকেকে এ ঘটনার জন্য অন্যায়ভাবে দায়ী করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
এএফপি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আইনজীবী রবার্তো রালিন বলেন, ম্যারাডোনার মৃত্যু আগে থেকে অনুমান করা সম্ভব ছিল এমন প্রসিকিউশনের যুক্তি গ্রহণযোগ্য নয়। লুকের আরেক আইনজীবী ফ্রান্সিসকো ওনেতো দাবি করেন, ম্যারাডোনার মৃত্যু হয়েছিল আকস্মিক ও অনির্দেশ্য হৃদ্যন্ত্রের জটিলতায়। তিনি বলেন, ‘এই প্রাণঘাতী পরিণতি আগে থেকে অনুমান করার একেবারেই কোনো সুযোগ ছিল না।’
প্রসিকিউশন পক্ষ লুকের জন্য ১২ বছরের কারাদণ্ড চেয়েছে। ম্যারাডোনার মৃত্যুর সময় তার চিকিৎসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীদের একজন ছিলেন এই নিউরোসার্জন।
আদালতে রালিন বলেন, ‘আমরা এখানে লুকের নির্দোষিতা তুলে ধরতে এসেছি, টেলিভিশনের স্লোগান দিয়ে নয়, বরং তার পক্ষে থাকা প্রমাণের ভিত্তিতে। লিওপোলদো লুকেকে বলির পাঁঠা বানানো হয়েছে।’
২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের জটিলতার পাশাপাশি ফুসফুসে পানি জমার কারণে তার মৃত্যু হয়। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার চিকিৎসায় অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার জন্য বুয়েনস এইরেসের উত্তরে তিগ্রেতে ভাড়া নেওয়া একটি বাড়িতে অবস্থান করছিলেন তিনি। সেখানেই মারা যান তিনি।
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় সম্ভাব্য অবহেলার অভিযোগে গত এপ্রিল থেকে সাতজন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে। মৃত্যুর আগের দুই সপ্তাহ তার সুস্থ হয়ে ওঠার সময়ে চিকিৎসাসেবায় দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সাত অভিযুক্তের মধ্যে ছয়জনের জন্য চার থেকে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা।
সমাপনী যুক্তিতর্কে প্রসিকিউশন লুকের নিষ্ক্রিয়তার সমালোচনা করে দাবি করেছে, ম্যারাডোনার শারীরিক অবস্থায় বিপৎসংকেত দেখা দিলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি মোকাবিলায় তার মনোভাব ছিল, ‘সব সময় কিছুই না করা’। তবে লুকের পক্ষের আইনজীবীরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তার নির্দোষিতার পক্ষে যুক্তি দিয়েছেন।


