শেষ ওভারে জানিথ লিয়ানাগের লো ফুল টস স্কুপ করে ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন হ্যারি ব্রুক। ১৯৬ থেকে এক শটেই পৌঁছে গেলেন দুই শতকে। ইংল্যান্ডের অধিনায়কের নাম লেখা হয়ে গেল ক্রিকেট ইতিহাসের পাতায়।
ওয়ানডে ক্রিকেটে এই প্রথম কোনো ইংলিশ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়লেন হ্যারি ব্রুক। একই সাথে এই সংস্করণে দ্রুততম দ্বিশতকের বিশ্বরেকর্ডও এখন তার দখলে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ বলে দুই শর মাইলফলক স্পর্শ করেন তিনি।
ব্রুক ভেঙেছেন ভারতের অধিনায়ক শুবমান গিলের রেকর্ড। গত মাসে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন গিল।
২১টি চার ও ১০টি অনবদ্য ছক্কায় ১১৬ বলে ২০২ রানের বিস্ফোরক এক মহাকাব্যিক ইনিংস খেলেন ব্রুক। ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে এটিই এখন সর্বোচ্চ ব্যক্তিগত রান। আগের রেকর্ডটি ছিল বেন স্টোকসের, ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান করেছিলেন তিনি।
শুধু বাউন্ডারি (চার ও ছক্কা) থেকেই ব্রুক তুলে নেন ১৪৪ রান, যা ইংলিশ ক্রিকেটে আরেকটি রেকর্ড। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জস বাটলার বাউন্ডারি থেকে তুলেছিলেন সর্বোচ্চ ১২৪ রান।
শুরুতে কিছুটা নিয়ন্ত্রিত খেলে প্রথম ২৪ বলে ১৩ রান করেছিলেন ব্রুক। এরপর তাণ্ডব চালিয়ে পরের ৫১ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। আর সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে তিনি খেলেন মাত্র ৩৯ বল!
ব্রুকের এই তাণ্ডবে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২৯ রানের পাহাড়সম পুঁজি গড়েছে ইংল্যান্ড। ৩০ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন উইল জ্যাকস। শ্রীলঙ্কার পক্ষে দুনিথ ভেল্লালাগে ২টি এবং আসিথা ফার্নান্দো ও জানিথ লিয়ানাগে ১টি করে উইকেট নেন।

