ময়মনসিংহের ভালুকায় সাত বছর বয়সী এক শিশুছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। বুধবার (৪ নভেম্বর) গ্রেফতার আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার মোহাম্মদ আলী বাগেরহাটের কচুয়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকায় অবস্থিত মাদ্রাসাতুত তাকওয়া নামের একটি কওমি মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক। ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর সকালে ক্লাসের পড়া দিতে গেলে শিক্ষক মোহাম্মদ আলী শিশুটিকে অশালীন অঙ্গভঙ্গি দেখান এবং মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানায়। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এদিকে ঘটনার পর ওই মাদ্রাসায় শিক্ষকের কক্ষে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক সামগ্রী, তন্ত্রমন্ত্র ও জাদুবিদ্যাসংক্রান্ত বই তাবিজ এবং মন্ত্র লেখা ছবি পাওয়া গেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। পরে ভালুকা মডেল থানা-পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ভালুকা মডেল থানা-পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


