গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক তরুণীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামের মো. আলমের ছেলে সৈকত (২৮) ও উল্লাসোনাতলা (হাজীপাড়া) গ্রামের মো. বাদল মিয়ার ছেলে মোহাম্মদ মুস্তাকিম (২০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বোনারপাড়া এলাকায় পৌঁছালে সৈকতের সাথে ওই তরুণীর কথা হয়। সৈকত তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। পরে একটি ভ্যানে করে তাকে হেলেঞ্চা এলাকার একটি পুরোনো ইটভাটায় নিয়ে যাওয়া হয়। সেখানে মুস্তাকিমসহ দুই যুবক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হুদা বলেন, এ বিষয়ে আজ রবিবার দুপুরে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। আটককৃত দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো । ভুক্তভোগীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

