...|...|...

বিনোদন

লোকসংগীতের বরেণ্য শিল্পী দীপ্তি রাজবংশী আর নেই

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৩
Shares
লোকসংগীতের বরেণ্য শিল্পী দীপ্তি রাজবংশী আর নেই

ছবি: সংগৃহীত

দেশের লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ইন্দ্রমোহন রাজবংশীর স্ত্রী এবং বরেণ্য লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সোমবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের লোকসংগীতের সাথে যুক্ত ছিলেন দীপ্তি রাজবংশী। সত্তরের দশক থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে পল্লীগীতির বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি লোকসংগীতের প্রসার ও বিকাশেও ভূমিকা রেখেছেন।

সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন এই শিল্পী। বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। সংগীতনির্ভর পরিবেশেই তার বেড়ে ওঠা। পরিবারের পাঁচ বোন ও তিন ভাইয়ের সবাই কোনো না কোনোভাবে সংগীতচর্চার সাথে যুক্ত ছিলেন।

স্বামী ইন্দ্রমোহন রাজবংশীর মতো দীপ্তি রাজবংশীও নিজের সংগীতপ্রতিভা ও দীর্ঘ সাধনায় দেশের লোকসংগীতে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

তার প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনের অনেকে শোক প্রকাশ করেছেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন তারা।