...|...|...

বিনোদন

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ ডিসেম্বর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৬
Shares
মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ ডিসেম্বর

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর এ শুনানির দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম এ তারিখ নির্ধারণ করেন। শুনানিতে অংশ নিতে এদিন আদালতে উপস্থিত ছিলেন পরীমনি। তার পক্ষে শুনানি করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাবের পক্ষ থেকে বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিআইডিকে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।

অভিযোগপত্রে আরও বলা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। পাশাপাশি মাদক পরিবহনে নিজের গাড়ি ব্যবহারের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন।

পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনার পর মামলাটিতে নতুন করে অভিযোগ গঠনের শুনানির উদ্যোগ নেওয়া হয়। সেই শুনানির তারিখই পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।