...|...|...

বিনোদন

১৯ সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন জয় চৌধুরী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১২:৫০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১২:৫৬
Shares
১৯ সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন জয় চৌধুরী

জয় চৌধুরী। ছবি: সংগৃহীত

এফডিসির চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে আর থাকতে চান না চিত্রনায়ক জয় চৌধুরী। কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বে অনাস্থা জানিয়ে সংগঠনগুলোর মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

জয় চৌধুরীর অভিযোগ, হেলাল খান শিল্পীদের ‘বাস্টার্ড’ বলে গালিগালাজ করেছেন। তার দাবি, হেলাল খানের উপস্থিতিতেই তার সহযোগী কিছু বহিরাগত ব্যক্তি শিল্পীদের মারধরের হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সাথে শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সব সদস্যকে এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন জয়।

বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন জয় চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) রাতে গণমাধ্যমকে পাঠানো লিখিত বার্তায় তিনি বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালিগালাজ করেন।’

এর আগে রবিবার বিকেলে এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, হেলাল খান জয়কে উদ্দেশ করে বলেন, ‘তুই ফ্যাসিস্ট।’

দেশকে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রবিবার বিকেলে এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে।

তবে এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।

কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সাথে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন হেলাল খান। শিল্পী সমিতির সামনে কয়েকজনকে বসে থাকতে দেখেও তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, ‘চুপ, একদম চুপ তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

এই ঘটনার পরই হেলাল খানের নেতৃত্বে ১৯ সংগঠনের সাথে আর না থাকার সিদ্ধান্তের কথা জানান জয় চৌধুরী।