...|...|...

খেলা

রেকর্ড গড়ে সালাহর অশ্রুসিক্ত বিদায়

টাইমস টুডে স্পোর্টস
প্রকাশ: ২৫ মে ২০২৬, ভোর রাত ৪:০৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, রাত ১০:০৪
Shares
রেকর্ড গড়ে সালাহর অশ্রুসিক্ত বিদায়

মোহাম্মদ সালাহ। ছবি- সংগৃহীত

বিদায়ের দিনটা পুরোপুরি রূপকথার মতো হলো না, গোল পেলেন না মোহাম্মদ সালাহ। তবে নিজের শেষ ম্যাচেও লিভারপুলের ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়ে রাজকীয় ছাপ রেখে গেলেন এই মিশরীয় তারকা। অ্যানফিল্ডে স্টিভেন জেরার্ডের রেকর্ড ভেঙে সতীর্থ ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়লেন অলরেডদের ইতিহাসের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।

ঘরের মাঠে গত রবিবার (২৪ মে) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে লিভারপুলের সঙ্গে ৯ বছরের বর্ণিল সম্পর্কের ইতি টানলেন সালাহ। ক্লাবটির জার্সিতে তার শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। এই ড্রয়ের ফলে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ নিশ্চিত করেছে দলটি।

ম্যাচের ৫৭তম মিনিটে লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন কার্টিস জোন্স। এই গোলের অ্যাসিস্ট করেই ক্লাবের ইতিহাসে নতুন রেকর্ড গড়েন সালাহ। লিভারপুলের জার্সিতে এটি তার ৯৩তম অ্যাসিস্ট, যা ক্লাবের ইতিহাসে এখন সর্বোচ্চ। এত দিন ৯২টি অ্যাসিস্ট নিয়ে এই রেকর্ডের চূড়ায় ছিলেন সাবেক কিংবদন্তি অধিনায়ক স্টিভেন জেরার্ড।

সাম্প্রতিক সময়ে কোচ আর্নে স্লটের খেলার ধরন নিয়ে সমালোচনা করায় সালাহর একাদশে থাকা নিয়ে গুঞ্জন ছিল। তবে বিদায়ী ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। প্রথমার্ধে তার একটি দারুণ ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। এরপর ৫৮তম মিনিটে বাম পায়ের বাইরের অংশ দিয়ে জোন্সকে লক্ষ্য করে চমৎকার পাস বাড়ান সালাহ; সেখান থেকেই লিড নেয় লিভারপুল।

ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে ৭৪তম মিনিটে। বদলি হিসেবে যখন সালাহ মাঠ ছাড়ছিলেন, তখন তার চোখ ভিজে ওঠে। সতীর্থদের বুকে জড়িয়ে ধীরে ধীরে সাইডলাইনের দিকে হেঁটে যাওয়ার সময় গ্যালারিজুড়ে তখন কেবলই ‘মিশরীয় রাজা’কে নিয়ে স্লোগান। মাঠ ছাড়ার আগে চিরচেনা ভঙ্গিতে হাঁটু গেড়ে সেজদাহ ও সংক্ষিপ্ত প্রার্থনা করেন তিনি।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে সালাহ বলেন, ‘আমার মনে হয় জীবনে কখনো এত কাঁদিনি। আমি সাধারণত খুব আবেগপ্রবণ মানুষ নই। কিন্তু আমরা এখানে জীবনের সেরা সময় কাটিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু একসঙ্গে ভাগ করেছি এবং এই ক্লাবকে তার প্রাপ্য জায়গায় ফিরিয়ে এনেছি।’

শুধু সালাহ নন, এদিন আবেগঘন বিদায় পেয়েছেন অ্যান্ডি রবার্টসনও। সালাহর সঙ্গেই একই মৌসুমে লিভারপুলে যোগ দেওয়া স্কটিশ এই ডিফেন্ডারকে যখন বদলি করা হয়, পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। ম্যাচ শেষের বাঁশি বাজার পর লিভারপুলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা বিদায়ী দুই তারকাকে ‘গার্ড অব অনার’ দেন।

মাঠ ছাড়ার পরও দীর্ঘক্ষণ দর্শকদের হাত নেড়ে বিদায় জানান ৩৩ বছর বয়সী সালাহ। বিদায়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটি জীবনেরই অংশ। পেছনে তাকিয়ে ভাবি, এর চেয়ে বেশি কিছু কি চাইতে পারতাম? সত্যি বলতে—না। আমরা সম্ভাব্য সব জিতেছি এবং সমর্থকদের ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’