...|...|...

রাজধানী

রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫২
Shares
রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলটির এক ব্যবস্থাপক নিহত হয়েছেন। আহত হয়েছেন মহাব্যবস্থাপকসহ আরও দুজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দির সংলগ্ন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাঈমুর রহমান (২৬)। আহতরা হলেন হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া গণমাধ্যমকে জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করেন। এ সময় তারা নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকার শুনে মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী হাসান এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে আহত করেন।

পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আল আমিন বলেন, ‘হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ ঘটনায় জড়িত বলে প্রাথমিক তথ্য মিলেছে।’