...|...|...

বিশ্ব

যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫১
Shares
যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সাথে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চীন বা রাশিয়ার সহযোগিতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মার্কিন বাহিনীর অভিযানে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কার্যত পরাস্ত হয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতাও আগের তুলনায় অনেক কমে এসেছে।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ত্রিপক্ষীয় বৈঠকের আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বাইরের কোনো শক্তির সহায়তা দরকার নেই। তার ভাষ্য, আমাদের কারও সহায়তা প্রয়োজন নেই। আমরা তাদের নৌবাহিনীকে পরাজিত করেছি, বিমানবাহিনীকে পরাজিত করেছি, এমনকি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকেও পরাস্ত করেছি।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও বড় ধরনের সাফল্যের দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় কমে প্রায় ১২ থেকে ১৩ শতাংশে দাঁড়িয়েছে। তেহরান আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে আগ্রহী বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা এখন আগের মাত্রার প্রায় ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। তারা চুক্তি করতে চায়। তাই আমার কোনো সহায়তা প্রয়োজন নেই। আমি কারও কাছে সাহায্য চাইতে যাচ্ছি না।

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় চীন ও রাশিয়ার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশ দুটি যুক্তরাষ্ট্রের সাথে ভালো আচরণ করেছে এবং সমুদ্রে কোনো জাহাজ পাঠায়নি।

ইরানের সাথে সম্ভাব্য সমঝোতার বিষয়ে ট্রাম্প বলেন, তেহরান চুক্তি করতে চাইলেও যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তি চায়, যা দীর্ঘস্থায়ী হবে।

যুদ্ধের অবসান নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, খুব শিগগিরই এই সংঘাতের ইতি টানবেন। যেকোনো উপায়েই হোক, যুদ্ধ শেষ করা হবে বলেও জানান তিনি।