...|...|...

জাতীয়

যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪২
Shares
যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস এ প্রস্তাব উত্থাপন করেন। শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় নামকরণের কার্যক্রম সম্পন্ন হয়।

বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা।

নামকরণ করা সড়কটি শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ১১০ তলাবিশিষ্ট ভবনটির কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত এই স্থাপনার পাশেই খালেদা জিয়ার নামে সড়কের নামফলক স্থাপন করা হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা, তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এবং রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে সড়কটির নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হওয়ার বিষয়টিও প্রস্তাবে উল্লেখ করা হয়।

এর আগে ২০১৪ সালে শিকাগোর আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে। সড়কটির নাম রাখা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।