নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে রাজনৈতিক সংঘর্ষের জেরে বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। গ্রামটি ঘুরে অন্তত ৬০ থেকে ৭০টি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পেয়েছে বিবিসি বাংলা। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলায় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সংঘটিত হামলার পর গ্রামের বহু বাড়ির আসবাবপত্র, ধান-চাল ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে। লুট করা হয়েছে গবাদি পশু, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র। ঘটনার পর আতঙ্কে অনেক পরিবারের পুরুষ সদস্য বাড়ি ছেড়ে চলে গেছেন। নারী ও শিশুরা আশ্রয় নিয়েছেন প্রতিবেশীদের বাড়িতে।
রবিবার (২২ নভেম্বর) গ্রাম ঘুরে ভাঙা, পোড়া ও বিধ্বস্ত বাড়িঘর এবং দোকানপাট দেখতে পান বিবিসি বাংলার সংবাদকর্মীরা। ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের আসবাবপত্র, ফ্যান, ফ্রিজ, আলমারি, খাট ও বিছানাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কোনো বাড়িতে তখনও পোড়া ধান থেকে ধোঁয়া উঠছিল।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, লুটের পর আগুন
গ্রামের গৃহবধূ আরোপি বেগম জানান, হামলার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। সন্তানদের নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে ফিরে এসে দেখেন, ঘরের জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এবং টাকা-পয়সা, স্বর্ণের চেন ও গোয়ালঘর থেকে গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, ‘আমার ঘরের যা ছিল সব পোড়াইয়ে দিয়েছে। এক কাপড়ে বাসা দিয়ে বাইর হয়ে গেছি। যাওয়ার সময় ঘর দিয়ে টাকা পয়সা, স্বর্ণের চেন আর গোয়াল দিয়ে একটা গরুও নিয়ে গেছে। এখন নিজের ঘর ছাইড়ে আরেক বাসায় যাইয়ে উঠছি।’
আরেক ক্ষতিগ্রস্ত বাসিন্দা জেসমিন বেগম অভিযোগ করেন, তার একটি গাভী, একটি ষাঁড় ও একটি বাছুর নিয়ে যাওয়া হয়েছে। ঘরের স্বর্ণের চেন ও কানের দুলও খোয়া গেছে বলে জানান তিনি।
জেসমিন বেগম বলেন, ‘আমার এক গাভী, একটা ষাঁড় আরেকটা বাছুর ছিল। সবগুলো নিয়া গেছে। বাসার স্বর্ণের চেন, কানের দুল ছিল তাও নিয়ে গেছে। সব কিছু নিয়ে তারপর আগুন ধরায়ে দিয়ে গেছে।’
স্থানীয়দের অনেকে জানান, তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। তারপরও তাদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা কেন ঘটেছে, তা বুঝতে পারছেন না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন আশ্রয় ও ক্ষতিপূরণ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
হামলাকারীদের পরিচয় নিয়ে নীরব বাসিন্দারা
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে কেউ প্রকাশ্যে কথা বলতে চাননি। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীদের অনেকের মুখে মুখোশ ছিল এবং তাদের হাতে রামদার মতো ধারালো অস্ত্র দেখা গেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিবিসি বাংলাকে বলেন, ‘বিক্ষুব্ধ জনতা’ ১০ থেকে ১২টি ঘরবাড়ি ভাঙচুর করেছে। অন্যান্য মালামাল লুটের তথ্য তার কাছে নেই। তবে এমন ছয়টি গরু তাদের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, কারা বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত তথ্য পায়নি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার দাবির সত্যতা পায়নি বিবিসি
বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে বিবিসি বাংলা জানিয়েছে, স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবার, পুলিশ, উপজেলা প্রশাসন ও পূজা উদ্যাপন পরিষদের সদস্যদের সাথে কথা বলে এমন ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
তাদের ভাষ্য অনুযায়ী, বেন্দারচর গ্রামে কোনো হিন্দু পরিবার বসবাস করে না। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর দাবির সাথে স্থানীয়দের বক্তব্যের মিল পাওয়া যায়নি।
বিএনপির দুই নেতার মৃত্যুর পর সংঘর্ষ
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর বেন্দারচর গ্রামে বিএনপির একদল কর্মী মোটরসাইকেল নিয়ে মিছিল করার সময় আওয়ামী লীগ-সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ান। এতে স্থানীয় বিএনপির দুই নেতা নিহত হন।
এর আগে একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সংঘর্ষে বিএনপির দুই নেতা নিহত হওয়ার পর পাশের একটি গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বেন্দারচর গ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল ইসলাম মুক্তির বাড়ি রয়েছে। এ ছাড়া সেখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও সমর্থকের বসবাস।
বিএনপির দুই নেতার মৃত্যুর ঘটনার জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বিক্ষুব্ধ স্বজন ও অন্য ব্যক্তিরা বেন্দারচর গ্রামে গিয়ে হামলা চালান বলে পুলিশের সদরদফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে।
শনিবার পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘ওই হত্যাকাণ্ডের জের ধরে ২০ নভেম্বর (শুক্রবার) বিকেল পৌনে ৫টার দিকে ভিকটিমদ্বয়ের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন উত্তেজিত অন্য লোকদের সাথে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়।’
তবে বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রবিবার রাত পর্যন্ত এসব ঘটনায় কোনো মামলা বা আটকের তথ্য পাওয়া যায়নি। তবে বিএনপির দুই নেতার হত্যার ঘটনায় রবিবার একটি হত্যা মামলা হয়েছে।
ক্ষতিগ্রস্তদের তালিকা করছে প্রশাসন
রবিবার জেলা প্রশাসন, পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও পরিবারের খোঁজ নেওয়া হয়।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, ক্ষতিগ্রস্ত ১৫ থেকে ২০টি ঘর এবং ছয় থেকে সাতজনের নাম তারা পেয়েছেন। তবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ঘটনার পর বেন্দারচরের অনেক পরিবার বাড়িঘর ছেড়ে অন্যের আশ্রয়ে দিন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্তরা নিজেদের ঘরে ফেরার পাশাপাশি নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।
সূত্র: বিবিসি বাংলা



