বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দীন বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে।’
সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহে বিজিবি সেক্টর সদর দফতরে সীমান্ত পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
কর্নেল নাসির উদ্দীন বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজ করছে বিজিবি। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ময়মনসিংহ সেক্টরের আওতায় প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ দীর্ঘ সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে সেক্টর কমান্ডার বলেন, বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে সীমান্তে নজরদারি করা হচ্ছে। এ ছাড়া নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ যান এটিভি ব্যবহার করা হচ্ছে। জনবল বাড়িয়ে প্রতিটি বিওপিতে নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য তৎপরতা নিয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে। তবে গোয়েন্দা নজরদারি, মাঠপর্যায়ের তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে সেসব তথ্য যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত ওইসব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা তাদের নজরে আসেনি।
সেক্টর কমান্ডার আরও বলেন, কোনো তথ্যকেই অবহেলা করা হচ্ছে না। প্রাপ্ত প্রতিটি তথ্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিএফআই ও এনএসআইয়ের সাথে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর মাঠপর্যায়ে অনুসন্ধান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


