...|...|...

সারাদেশ

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

যশোর প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩৯
Shares
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রতীকী ছবি

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। 

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন। অপর একজনের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রে তার নাম আরিফুল ইসলাম জয়, বাবার নাম শহিদুল ইসলাম এবং ঠিকানা যশোর পৌরসভার শংকরপুর এলাকার বেজপাড়ার পিয়ারী মোহন রোড উল্লেখ রয়েছে। তৃতীয় নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আহতরা হলেন মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল দুটি হলো যশোর ল-১২-৭৭৩৪ নম্বরের একটি পালসার এবং নড়াইল ল-১১-১৭৩৬ নম্বরের একটি হোন্ডা হরনেট। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহত সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর দুই নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহতদের একজনের কাছ থেকে আরিফুল ইসলাম জয় নামে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী তার বাবার নাম শহিদুল ইসলাম। কার্ডে ঠিকানা উল্লেখ রয়েছে- পিয়ারী মোহন রোড, বেজপাড়া, শংকরপুর, যশোর পৌরসভা, যশোর সদর, যশোর। তবে তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরদিকে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।