ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (২৮ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। আগুনে বিএনপি কার্যালয়ের ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছেন মশাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা বাচ্চু, রফিক সরকার, বাতেন আকন্দ, বোরহান উদ্দিন, নাজমুল, রুমান ও কাজী সাহিদ ফরিদ শেখ,বাতেনসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে খবর পেয়ে পাগলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।
বিএনপি নেতাকর্মীরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


