...|...|...

সারাদেশ

যুব মহিলা লীগ নেত্রীর সাথে অডিও ভাইরাল

প্রত্যাহারের নির্দেশের ৩ দিন পরও থানা ছাড়েননি দাগনভূঞার ওসি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩২
Shares
প্রত্যাহারের নির্দেশের ৩ দিন পরও থানা ছাড়েননি দাগনভূঞার ওসি

দাগনভূঞার ওসি ও যুব মহিলা লীগ নেত্রী। ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে তিন দিন আগে। তবে নির্দেশের পরও তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেননি। শুক্রবার পর্যন্ত থানা ছাড়েননি, আবার জেলা পুলিশ লাইন্সেও যোগ দেননি।

কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সাথে ওসি নোমানের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর গত বুধবার বিকেলে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। কিন্তু শুক্রবার পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হয়নি।

এর আগেও আদালতের নির্দেশ অমান্য করে মামলা রেকর্ড না করার অভিযোগ উঠেছিল ওসি নোমানের বিরুদ্ধে। গত ১০ আগস্ট এ ঘটনায় তাকে থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহানের একটি অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করতে আদালত নির্দেশ দিয়েছিলেন। একইসাথে অভিযোগটি তদন্ত এবং ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। বিচারক তার দায়িত্ব পালনের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। পরে এ ঘটনায় পুলিশ তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্তের প্রতিবেদন প্রকাশ্যে আসেনি। তবে তখন তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়নি।

দায়িত্ব হস্তান্তরে বিলম্বের বিষয়ে সদ্য প্রত্যাহার হওয়া ওসি ফয়জুল আজিম নোমান বলেন, দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও নিজের জিনিসপত্র গোছাতে একটু সময় লেগেছে। বিভাগীয় সিদ্ধান্ত অমান্য করার কোনো সুযোগ নেই।

দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি আক্তার বলেন, এখনো দায়িত্ব বুঝে পাইনি।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম বলেন, দায়িত্ব বুঝিয়ে দিতে কিছুটা বিলম্ব হয়েছে। শুক্রবারের মধ্যে নোমান দাগনভূঞা থানা থেকে বিদায় নিয়ে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হবেন। এখানে গড়িমসি করার সুযোগ নেই।

তিনি আরও জানান, নোমানের স্থলাভিষিক্ত হিসেবে এখনো কাউকে ওসি পদে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত ওসি (তদন্ত) দায়িত্ব পালন করবেন।