...|...|...

সারাদেশ

তিন দিনের আলটিমেটাম

ওসিকে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ নেতার

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৫
Shares
ওসিকে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ নেতার

ছবি: সংগৃহীত

তিন দিনের আলটিমেটাম দিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা। পুলিশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হয়রানি বা আটক করলে এর পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এবং থানার সরকারি মুঠোফোন নম্বরে কল করে শুক্রবার (২৭ নভেম্বর) এসব হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় হুমকিদাতাদের একজন রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা। অপরজন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। তাদের দেওয়া হুমকির ভিডিও ও ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ফেসবুক লাইভে এসে যুবলীগ নেতা আবু জাফর রানা সরাসরি রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ করে বক্তব্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে পুলিশ হয়রানি করলে তা মেনে নেওয়া হবে না। এ সময় ওসিকে সতর্ক করে তিনি বলেন, এখনো সময় আছে। ওসি ও তার পরিবার কোথাও যেতে পারবেন না। আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে বলেও ঘোষণা দেন তিনি। পাশাপাশি পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, পারলে তা ঠেকাতে। তার বক্তব্যের একপর্যায়ে পরিস্থিতিকে ‘হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব’ বলে উল্লেখ করেন।

অন্যদিকে, একই দিন অজ্ঞাত স্থান থেকে রামগঞ্জ থানার ওসির সরকারি মুঠোফোন নম্বরে কল করেন ছাত্রলীগের সাবেক নেতা আফরান খাঁন মাহিম। ফোনালাপে তিনি অভিযোগ করেন, বিএনপির কথা শুনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আটক বা হয়রানি করা হলে পুলিশকে এর খারাপ পরিণতি ভোগ করতে হবে। এ সময় তিনি সরাসরি থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন।

তবে যুবলীগ নেতার ফেসবুক লাইভ এবং ছাত্রলীগ নেতার সাথে ওসির ফোনালাপের রেকর্ড কখন ও কোন স্থান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ এবং ছাত্রলীগ নেতার মুঠোফোনে দেওয়া হুমকির কল রেকর্ড সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।