ময়মনসিংহের তারাকান্দায় মাদ্রাসা থেকে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের।
ময়মনসিংহের তারাকান্দায় মায়ের হাত ধরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেছে দুই শিশুবোনের।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ওই এলাকার মুখলেছুর রহমানের মেয়ে আরপিয়া (৮) ও রাবেয়া খাতুন (৬)। তাদের মা ফাতেমা খাতুন গৃহকর্মীর কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসা থেকে দুই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন ফাতেমা খাতুন। এ সময় সড়ক পার হওয়ার মুহূর্তে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাশিদ জানান সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।


