...|...|...

বিশ্ব

মোদী সরকারকে ‘স্বৈরাচার’ বললেন সিজেপি নেতা দীপকে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৯
Shares
মোদী সরকারকে ‘স্বৈরাচার’ বললেন সিজেপি নেতা দীপকে

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে তার নেতৃত্বাধীন সরকারকে 'স্বৈরাচারী' আখ্যা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিল্লি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

অভিজিত দীপকে বলেন, 'নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার দেশে জরুরি অবস্থা জারি করার মতো ন্যূনতম সাহসটুকুও নেই।'

সম্প্রতি সিজেপির নেতাকর্মী, বামপন্থী ছাত্র সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের ওপর দিল্লি পুলিশের দমনপীড়ন ও গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানান তিনি। দুই দিন আগে যন্তর মন্তরে জাতীয় পতাকা তোলার কারণে সিজেপির দুই কো-কনভেনর আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় পুলিশ।

সেই প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,'জাতীয় পতাকা ওড়ানো কবে থেকে অপরাধ হয়ে গেল? ব্রিটিশ আমলে এমন ঘটনা ঘটত, আর আজ মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুলিশও একই কাজ করছে। আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে নিজ দেশেই জাতীয় পতাকা ওড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে না।'

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সম্প্রতি বিক্ষোভ করে আসছিল দলটি।

এ বিষয়ে নির্বাচন কমিশনকে ইঙ্গিত করে দীপকে প্রশ্ন তোলেন,'নরেন্দ্র মোদির কাছে ঠিক কী কারণে জাতীয় পতাকার চেয়েও জ্ঞানেশ কুমার বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন? তারা নিজেরা কোনো দিন জাতীয় পতাকা ওড়ায়নি, তাই আমাদের নেতা-কর্মীরা যখন পতাকা তুলেছে, তখন তাদের গায়ে লেগেছে।'

তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, 'এই দেশ চলবে মহাত্মা গান্ধীর আদর্শ এবং বি আর আম্বেদকরের সংবিধান মেনে, কোনো স্বৈরাচারী নির্দেশে নয়।'

যন্তর মন্তরকে প্রতিবাদস্থল হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা এবং সিজেপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামী কাল শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে একত্র হওয়ার আহ্বান জানান সিজেপি প্রতিষ্ঠাতা।