...|...|...

বিশ্ব

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের নীতির সমালোচনায় জেলেনস্কি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩৬
Shares
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের নীতির সমালোচনায় জেলেনস্কি

ছবি: সংগৃহীত

রাশিয়ার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিজেল সরবরাহ চুক্তির সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনের বিরুদ্ধে মস্কোকে পক্ষপাতিত্ব করার অভিযোগও তুলেছেন তিনি। এমন সময় এ সমালোচনা করলেন জেলেনস্কি, যখন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। সংবাদমাধ্যম শাফাক নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

‘পিয়ার্স মরগান আনসেন্সরড’ অনুষ্ঠানে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চান জেলেনস্কি। একই সাথে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ট্রাম্পের নিরপেক্ষ অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

জেলেনস্কি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যখন আমাদের পক্ষ না নিয়ে অন্য একটি পক্ষ বেছে নেন, তখন তা অত্যন্ত বেদনাদায়ক।” ট্রাম্পের উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, “আমার মনে হয়, তাঁর উপদেষ্টারা ভুল করছেন। জানি না কে তাঁকে এসব করতে উৎসাহিত করছে। এটি ইতিহাসের সঠিক দিক নয়।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের একটি চুক্তির বিষয়টি সামনে আসার পর এ সমালোচনা করেন জেলেনস্কি। ওই চুক্তির আওতায় রাশিয়া ৩ লাখ মেট্রিক টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে। ট্রাম্পের দাবি, এই জ্বালানি সরাসরি যুক্তরাষ্ট্রে না পাঠিয়ে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়ানো হবে, যা জ্বালানির দাম কমাতে সহায়তা করবে।

ওয়াশিংটনের সমালোচনা করলেও জেলেনস্কি জানান, উত্তেজনা কমাতে ইউক্রেন জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ রাখার প্রস্তাবের পক্ষে ছিল। তবে এ ধরনের সীমিত যুদ্ধবিরতিকে ‘শান্তির সবচেয়ে খারাপ সংস্করণ’ বলে অভিহিত করেন তিনি।

জেলেনস্কির দাবি, ইউক্রেন টানা তিন দিন জ্বালানি স্থাপনায় কোনো হামলা চালায়নি, এমনকি পাল্টা আক্রমণ থেকেও বিরত থেকেছে। কিন্তু এ সময়েও রাশিয়া ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। রাশিয়ার সাম্প্রতিক এক রাতের হামলায় জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।