...|...|...

খেলা

মুখে শিরোপার স্বপ্ন, মাঠে তার প্রতিফলন নেই বললেন হৃদয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৬
Shares
মুখে শিরোপার স্বপ্ন, মাঠে তার প্রতিফলন নেই বললেন হৃদয়

তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত

বড় টুর্নামেন্টের আগে বাংলাদেশের ক্রিকেট দলের ফর্মে ভাটা পড়ার চিত্র নতুন নয়। ওয়ানডে হোক কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো আসরের আগে দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা যায়। ক্রিকেটাররা শিরোপা জয়ের প্রত্যাশার কথা বললেও মাঠের খেলায় তার প্রতিফলন ঘটছে না বলে স্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। তার মতে, দলের সবার মধ্যে শিরোপা জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তা কাজে প্রমাণ করতে পারছেন না তারা।

বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় আসরের আগে দলের এমন পরিস্থিতি নিয়ে হৃদয় বলেন, ‘আমি আপনার সাথে একমত। যখনই বড় টুর্নামেন্ট খেলি… আমি ব্যক্তিগতভাবে, আমাদের দলের সবাই চায় বিশ্বকাপ বা এশিয়া কাপে ট্রফি নিই। এই ক্ষুধা সবার আছে। এটা আমরা মুখে বলি, অ্যাকশনে এটা হচ্ছে না। আমাদের হোমে এশিয়া কাপ, অনেক বড় সুযোগ। প্রত্যাশা প্রত্যেক মানুষের মতো আমাদেরও কাছে। অবশ্যই ভালোভাবে বসে বা যেভাবেই হোক দলকে একটা ভালো অবস্থানে নিয়ে আসা জরুরী। এশিয়া কাপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আশা করি ভালো কিছু করব ইনশাআল্লাহ।’

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সও উদ্বেগ বাড়িয়েছে। জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজে হারের পর সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি দল। কেন এমন হচ্ছে, তা নিয়ে খুব গভীরে না গেলেও দেশের বাইরে দলের ব্যর্থতা এবং কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ঘাটতির কথা তুলে ধরেছেন হৃদয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কেন খারাপ করছি, এত গভীরে চিন্তা করিনি। দুই সিরিজ আগেও আমরা হোমে ভালো খেলেছি। যে প্রশ্ন করেছেন, আমি একমত যে দেশের বাইরে ভালো খেলছি না। প্রায় দেড় বছর হয়ে গেছে এমন। বাইরের কন্ডিশন দ্রুত মানিয়ে নেওয়া জরুরী। একইসাথে ম্যাচের সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী অ্যাক্ট করা জরুরী। শুধু মুখে বললে হবে না। আমরা অ্যাকশনে করতে পারছি না।’

দলের ব্যাটিং ব্যর্থতাকেই বড় সমস্যা হিসেবে দেখছেন এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে অতিরিক্ত রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেললে সাফল্য পাওয়া কঠিন বলে মনে করেন তিনি। পাশাপাশি পুরো দল একসাথে ধসে পড়লে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মতো খেলোয়াড়ের ঘাটতিও চোখে পড়ছে তার।

ব্যাটিং ইউনিটের দুর্বলতা নিয়ে হৃদয় বলেন, ‘এটা আমাদের ব্যাটারদের ব্যর্থতা। সাহসের সাথে খেলতে পারছি কিনা… আন্তর্জাতিক ক্রিকেটে যদি ডিফেন্সিভ মাইন্ডসেট থাকে, সফল হওয়া কঠিন। পুরো দল যখন একসাথে কলাপ্স করছি, ওখান থেকে যখন উঠতে পারছি না, আমাদের আরও ভালো প্ল্যান করা উচিৎ। এক্সেপশনাল কিছু প্লেয়ার থাকে যাদের ওপর বিশ্বাস থাকে যারা খারাপ পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতিতে নিতে পারবে, এই জিনিসের একটু ঘাটতি আছে। আশা করব তাড়াতাড়ি… যেহেতু হাতে বেশি সময় নেই। সামনে এশিয়া কাপ আছে। দ্রুত ওভারকাম করতে হবে।’

সামনেই এশিয়া কাপ। নিজেদের মাঠে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টকে বড় সুযোগ হিসেবে দেখছেন হৃদয়। তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে কেবল শিরোপার স্বপ্ন দেখলেই হবে না, মাঠের পারফরম্যান্সেও তার প্রমাণ দিতে হবে। দলের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ।