মাদক কারবারিদের সাথে অনেক ক্ষেত্রে থানার একটা যোগসাজশ থাকে বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সদর থানায় কমিউনিটি পুলিশিং সভায় সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এখানে থানার অফিসার্স ইনচার্জ যিনি রয়েছেন তাকে আমি স্পষ্টভাষায় নির্দেশ দিচ্ছি যে, আমার থানায় যদি কোনো সদস্য মাদকের সাথে জড়িত থাকে তাহলে তাকে স্টেট বাড়িতে চলে যেতে হবে।
সভায় ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, কোনো পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাদক, জুয়া, কিশোর গ্যাং ও সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে।
এসময়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ পুলিশের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


