...|...|...

প্রবাস

মালয়েশিয়ায় নির্মাণস্থলে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ৮:৫৫
Shares
মালয়েশিয়ায় নির্মাণস্থলে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

মালয়েশিয়ায় নির্মাণস্থলে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০। ছবি: টাইমস টুডে

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহা এলাকায় একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৬২২ জন পুরুষ ও আটজন নারী রয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ‘অপস মেগা’ নামে এ অভিযান পরিচালনা করা হয়। এতে কেদাহ, পেরলিস, পেরাক, কুয়ালালামপুর ও নেগরি সেম্বিলানের অভিবাসন বিভাগের বিভিন্ন কার্যালয়ের ১৫৯ জন কর্মকর্তা অংশ নেন।

কেদাহ অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, অভিযানে নির্মাণস্থলে মোট ৬৯৭ জনকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি চীনের নাগরিক, ৩৯৬ জন। এ ছাড়া ১৯৯ জন বাংলাদেশি, ১০ জন পাকিস্তানি, সাতজন মিয়ানমারের, পাঁচজন ভারতীয়, চারজন ঘানার, তিনজন নাইজেরিয়ার, দুজন কেনিয়ার, দুজন ইন্দোনেশিয়ার এবং নিউজিল্যান্ড ও সেনেগালের একজন করে নাগরিক রয়েছেন।

অভিবাসন বিভাগের পরিচালক জানান, দেশটির ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার বিভিন্ন ধারায় সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে ছয়জন সাক্ষীকেও তলব করা হয়েছে। অভিযান পরিচালনার সময় কর্মকর্তাদের বেশ কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।

কয়েকজন আটক ব্যক্তি ঝুঁকিপূর্ণ এলাকায় লুকিয়ে এবং অসমাপ্ত ভবনের ছাদে উঠে পালানোর চেষ্টা করেন। এ সময় একদল আটক ব্যক্তির উসকানিমূলক আচরণ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। পরে কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ছাড়া ভারী বৃষ্টির কারণে নির্মাণস্থলের মেঝে পিচ্ছিল ও প্রবেশপথ কর্দমাক্ত হয়ে পড়ায় অভিযান পরিচালনা আরও কঠিন হয়ে ওঠে। অসমাপ্ত ভবনের কাঠামো, লিফটের গর্ত, বেরিয়ে থাকা রড, ছড়িয়ে-ছিটিয়ে থাকা নির্মাণসামগ্রী, ভারী যন্ত্রপাতি এবং উঁচু স্থানে কাজ করার কারণে অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের নিরাপত্তাঝুঁকিও তৈরি হয়।

এ ঘটনায় বিদেশি কর্মীদের নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপঠিকাদারদের সতর্ক করে অভিবাসন বিভাগের পরিচালক বলেন, তাদের অধীনে কর্মরত সব বিদেশি শ্রমিকের বৈধ ভ্রমণ নথি এবং প্রয়োজনীয় অভিবাসন পাস বা অনুমতিপত্র থাকতে হবে। পাশাপাশি মালয়েশিয়ার অভিবাসন আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

তিনি আরও জানান, দেশটির অভিবাসন আইন বাস্তবায়ন এবং অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান ও নজরদারি জোরদার করা হবে।