...|...|...

প্রবাস

সৌদিতে একের পর এক হামলা, আতঙ্কিত প্রবাসীরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩০
Shares
সৌদিতে একের পর এক হামলা, আতঙ্কিত প্রবাসীরা

ছবি: সংগৃহীত

সৌদি আরবে একের পর এক হামলার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। যেকোনো সময় হামলার শিকার হওয়ার আশঙ্কা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ আর দেশে থাকা স্বজনদের দুশ্চিন্তা—সব মিলিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তারা। দেশটিতে কর্মরত প্রায় ৩০ লাখ বাংলাদেশির জীবন-জীবিকা যেমন অনিশ্চয়তার মুখে পড়ছে, তেমনি দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা তৈরি করছে দেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহ নিয়েও। 

হুথিদের হামলার পর সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে ব্যাহত হচ্ছে বিমান চলাচল। পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে সৌদিগামী ফ্লাইটেও।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবের পরিস্থিতির কারণে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৬১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন যাত্রী।

তবে শুধু বিমানযাত্রীরাই নন, সৌদিতে অবস্থানরত প্রবাসীরাও উদ্বেগের মধ্যে রয়েছেন। কাজের প্রয়োজনে বাইরে যাতায়াত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা এবং দেশের স্বজনদের উৎকণ্ঠা তাঁদের মানসিক চাপ বাড়াচ্ছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে ৫ বার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হয়েছেন। হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয়। আর শনিবার (১০ অক্টোবর) রিয়াদের বিমানবন্দরে বড় হামলার ঘটনা ঘটে। এতে ৩ বাংলাদেশি ওমরাহজ্ব যাত্রীসহ ১৩ জন নিহত হন।  এরপর পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।