...|...|...

সারাদেশ

টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৩
Shares
টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষ। ছবি: টাইমস টুডে ডেস্ক

কক্সবাজারের টেকনাফে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১০ অক্টোবর) সকালে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজিচালিত অটোরিকশার চালক এনায়েত উল্লাহ (২৬) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে। নিহত অপর ব্যক্তি চাপাইনবাবগঞ্জের সজীব (৩৫)।

আহতরা হলেন-উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফারিরবিল এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে এবং টেকনাফের হ্নীলা মাইন উদ্দিন মেমোরিয়াল কলেজের আইসিটি শিক্ষক হেলাল উদ্দিন (৩২), কক্সবাজারের রামুর নুরুল আবছার (৩৪), রুজিনা আক্তার (২৫) ও মনোয়ারা বেগম (৩২)। আহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের মধ্যে কলেজশিক্ষক ও দুই নারীর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার থেকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সকালে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ভেতরে থাকা ছয়জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে সিএনজিচালিত অটোরিকশার চালক এনায়েত উল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় উখিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্য পাঁচ আহতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী চাপাইনবাবগঞ্জের সজীবের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।